শিক্ষার্থীর মনে স্থান করে নেওয়াই প্রকৃত শিক্ষকতার সাফল্য, বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।তিনি বলেন, শিক্ষকতা একটি মহৎ ও চমৎকার পেশা, যেখানে শুধু পাঠদান নয়, শিক্ষার্থীর মনে স্থান করে নেওয়াই প্রকৃত শিক্ষকতার সাফল্য। শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে কোন শিক্ষক প্রস্তুত হয়ে ক্লাসে আসেন, তাই আন্তরিকতা ও প্রস্তুতি অপরিহার্য। বর্তমান যুগে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকের পরিবার দূরে থাকে। তাই শিক্ষকরাই তাদের অভিভাবক। শিক্ষার্থী আছে বলেই আমরা শিক্ষক; তাই তাদের শেখার আগ্রহ জাগিয়ে তোলা আমাদের দায়িত্ব।
সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত ইউজিসির হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে এসব কথা বলেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রকৃত প্রশিক্ষণ সফল হয় যখন আমরা আন্তরিকভাবে শিখি এবং অন্যকে শেখাতে আগ্রহী থাকি, কারণ শিক্ষকতা একটি নিরন্তর শেখার প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা নিজেরাও আরও উন্নত হই।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানের সভাপতিত্বে বাউবি উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) এর প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টি এম আসাদুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩০ জন প্রভাষক ও ৩০ জন সহকারী অধ্যাপক।