সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ কঠোর সতর্কতা জারি করেছে। ফেসবুকে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে “বিএ ও বিএসএস প্রোগ্রামের পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারীদের অটোপাস দেওয়া হয়েছে বা দেওয়া হবে”, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান আজ (১৫ অক্টোবর ২০২৫) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাউবির পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার তথ্য কেবলমাত্র বাউবির অফিসিয়াল ওয়েবসাইট িি.িনড়ঁ.ধপ.নফ এ প্রকাশিত হয়। তাই বিএ এবং বিএসএস প্রোগ্রামের শিক্ষার্থী, টিউটর ও সমন্বয়কারীসহ সংশ্লিষ্ট সকলকে বাউবির অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত অন্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।