সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী প্রতিযোগিতা “বিজনেস আইডিয়াথন”।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) সকাল ১০টায় নিটার কনফারেন্স রুমে আয়োজিত এ প্রতিযোগিতা দুটি পর্বে অনুষ্ঠিত হয়—প্রথম রাউন্ডে সমস্যা সমাধান এবং দ্বিতীয় রাউন্ডে সমস্যা সমাধান উপস্থাপন। প্রতিযোগিতায় ২০টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে বাছাইপর্বে সেরা ১০টি দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচনা হয়। পরে প্রতিযোগীদের নিয়ম-কানুন জানানো হয়। নির্ধারিত ৫০ মিনিট সময়সীমায় প্রথম রাউন্ডে সমস্যা সমাধান সম্পন্ন হয় এবং পরবর্তীতে অংশগ্রহণকারীদের কাছ থেকে সরাসরি মতামত নেওয়া হয়।মধ্যাহ্নভোজের বিরতির পর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটারের সম্মানিত পরিচালক ড. আশেকুল আলম রানা। তিনি বিচারকমণ্ডলীর সাথে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং বক্তব্য রাখেন। তিনি এরকম প্রতিযোগিতাকে স্বাগত জানান এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও এমন প্রতিযোগিতার আয়োজন চালু রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক মো. ফতেহ্ আলী খান পান্নি প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করে অনুষ্ঠানটির আংশিক সমাপ্তি ঘোষণা করেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতার বাকি কার্যক্রম আগামী রবিবার অনুষ্ঠিত হবে।