আগামী জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজট থেকে মুক্তি পাবে বলে আশা প্রকাশ করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।বুধবার (২২ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে আইডিয়াল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রথমবারের মত পরীক্ষার দুই মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে। অর্থের অভাবে কোন শিক্ষার্থী যাতে পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বৃত্তির পরিমাণ ১০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকা করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ও গবেষণা কাজে আত্মনিয়োগ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গর্ববোধ করবে।
আইডিয়াল কলেজের ছাত্র জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহিদ খালেদ সাইফুল্লাহর নামে বৃত্তি চালু অথবা কলেজের ভবন কিংবা লাইব্রেরির নামকরণের জন্য কলেজ কর্তৃপক্ষকে পরামর্শ দেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. এস এম মোস্তফা আল মামুন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন আইডিয়াল কলেজের ছাত্র-ছাত্রীরা।