জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে চলছে নানা ধরনের আলোচনা। শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনের নিয়ে আমেজ বিরাজ করছে সবার মধ্যে। ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রকাশ করেছে আচরণবিধির খসড়া। রবিবার ছাত্র নেতাদের সঙ্গে আলোচনার পর তফসিল ঘোষণা করা হবে। তবে সোমবারও তফসিল ঘোষণা হতে পারে।
শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র। সূত্র জানায়, ‘আমরা এর আগে নির্বাচনের স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি।’
রবিবার বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনার পর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান। উপাচার্যের সভাকক্ষে সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে।