দীর্ঘ ৩৩ বছর পর আসন্ন ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে তিন দিনের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন। একই দিন ছিল জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময়।
তিনি জানান, নির্বাচনকালীন সময়ে কোনো অঘটন এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানামুখী পদক্ষেপ নিয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগের দিন, নির্বাচন দিবস এবং পরদিন সেনা মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমানও বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা গত ১৩ আগস্ট সেনাপ্রধানের কাছে চিঠি পাঠিয়েছি। নির্বাচন কমিশন থেকে আমাদের লিখিতভাবে জানানো হয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতেই সেনা মোতায়েনের জন্য চিঠি দেওয়া হয়েছে।”