আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির। সংগঠনটির সভাপতি মুহিবুর রহমান মুহিব জানিয়েছেন, এ প্যানেলে বিভিন্ন অঙ্গনে সক্রিয় সাধারণ শিক্ষার্থীরাও জায়গা পেয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব এ প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে ফার্মেসি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও শাখা অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান এবং এজিএস (ছাত্রী) পদে দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা মনোনীত হয়েছেন।
অন্যান্য পদগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের শিক্ষার্থী ও শাখা পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক শাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আলী জাকি শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা মানবাধিকার সম্পাদক রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক পদে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিউজ্জামান শাহীন মনোনীত হয়েছেন। এছাড়া সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মহাদী হাসান এবং সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্রী) পদে গণিত বিভাগের লুবনা নির্বাচিত হয়েছেন।
আইটি ও গ্রন্থাগার সম্পাদক পদে ফার্মেসি বিভাগের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শাখা গবেষণা সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের তৌহিদ ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের তরিকুল ইসলাম, রসায়ন বিভাগের ও শাখা এইচআরডি সম্পাদক রাকিবুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহিবুল্লাহ, আবু তালহা, মহসিন, ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান।