শহীদ আনাসের কবরে শ্রদ্ধা জানিয়ে ডাকসু নির্বাচনের প্রচার শুরু করলো ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
ফাইল ফটো ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চব্বিশের ছাত্র-জনতার অভ্যূত্থানে পুলিশের গুলিতে নিহত দশম শ্রেণির শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাসের কবরে জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আনাসের কবর জিয়ারত করে সংগঠনটি।

কবর জিয়ারত অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ডাকসু ভিপি প্রার্থী আবিদ আল হাসান, জিএস প্রার্থী তানভীর বারী হামিম, এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ ছাত্রদলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের এক উত্তাল মুহূর্তে রাজধানীর চানখাঁরপুলে পুলিশের গুলিতে প্রাণ হারায় ১৬ বছর বয়সী স্কুলশিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। সেদিন আন্দোলনস্থলে উপস্থিত ছিলেন ছাত্রদলের বর্তমান ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি সবাইকে অনুরোধ করেছিলেন, “প্লিজ, কেউ কাউকে ছেড়ে যাইয়েন না।” এই আহ্বানের কিছুক্ষণ পরই আনাস পুলিশের গুলিতে আহত হয়ে শহীদ হন।

সম্পর্কিত