ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধ করতে আগামী রোববার (২৪ আগস্ট) আলোচনা আয়োজনের ঘোষণা দিয়েছেন রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস এবং শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত জানান।
ডিসি মাসুদ আলম বলেন, “আমরা চাই তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে বারবার ঘটে যাওয়া সংঘর্ষের স্থায়ী সমাধান হোক। প্রায়ই তাদের ঝগড়া মারামারিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আহত হচ্ছেন। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন। এজন্য আজ আমি নিজে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। রোববার সব কলেজের প্রতিনিধি নিয়ে বিস্তারিত বৈঠক করা হবে।”
আলোচনায় ঢাকা কলেজের অধ্যক্ষ একেএম ইলিয়াস বলেন, “তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এতে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। যেহেতু আপনি (ডিসি) উদ্যোগ নিয়েছেন, আমরাও আলোচনায় বসে সমাধানের চেষ্টা করবো। যেন ভবিষ্যতে আর শিক্ষার্থীরা এ ধরনের সংঘর্ষে জড়িত না হয়।”