শাবিতে তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন

শাবিপ্রবি থেকে আশিকুর রহমান আশিক
বিক্ষোভ সমাবেশে শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিক্ষোভ সমাবেশে শাবিপ্রবির শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

তিন দফা দাবি আদায় ও ডিপ্লোমা সিন্ডিকেটের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ সমাবেশ করছে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ পূর্ণ দিবস ও অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সময়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত সময়ে এই তিন দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে আন্দোলনে আরো কঠোর কর্মসূচি আসবে। 

দুপুর দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে একটি মানববন্ধন করে একটি বিক্ষোভ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গিয়ে ‘প্রতীকী ব্লকেড’ হিসেবে ১০মিনিটের সড়ক অবরোধ করে রাখেন।মানববন্ধনে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, যতক্ষণ আমাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ আমরা রাজপথে থাকব। আমরা আন্দোলনকে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে নিয়ে যাবো। আমরা আজকে থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেছি। যতক্ষণ দাবি মানা না হবে ততক্ষণ আমরা ক্লাস পরীক্ষায় ফিরব না।

তিনি বলেন, আমরা চাই যোগ্য জায়গায় যোগ্য মানুষরা যাক। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট আমলে কীভাবে অযোগ্যদের দ্বারা কীভাবে দেশ পরিচালনা করা হয়েছে। ২৪এর গণঅভ্যুত্থানের পর এইরকম অযোগ্য নেতৃত্ব মেনে নেওয়া হবে না। এসময় আরো বক্তব্য রাখেন প্রকৌশলী অধিকার আন্দোলন শাবিপ্রবির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাছুদ, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর রহমান। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো:  

১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমানের পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য কোনো নামে সমমানের পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং একই ডিসিপ্লিনে উচ্চতর যোগ্যতাসম্পন্ন বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং উভয় স্নাতকের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে অন্যান্য দেশের মতো যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডিটেড বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEB-BATE আওতায় আনতে হবে।

সম্পর্কিত