বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী আবাসিক শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় শিক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছাতে জব্বারের মোড় থেকে সকাল ৮টা ১৫ মিনিটে দুটি বিশেষ বাস টাউন হলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরীক্ষা শেষ হলে দুপুর ১২টা ২০ মিনিটে বাসগুলো টাউন হল থেকে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে।
পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ জানান, উপাচার্য স্যারের নির্দেশে এই বিশেষ বাস ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, "বিসিএস পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং পরীক্ষা শেষে ফেরত আনার জন্য বাসগুলো পরিচালিত হবে। ক্যাম্পাসের চলমান অচলাবস্থার কারণে প্রথমে বাসের ব্যবস্থা না দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে উপাচার্যের নির্দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে।"