বেরোবিতে গবেষণা প্রস্তাবনা ও অনুদান কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাবনা ও অনুদান বিষয়ক কর্মশালায় অংশ নিচ্ছেন শিক্ষকবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রস্তাবনা ও অনুদান বিষয়ক কর্মশালায় অংশ নিচ্ছেন শিক্ষকবৃন্দ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গবেষণা প্রস্তাবনা তৈরি ও অনুদান আহরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে ‘রিসার্চ প্রোপোজাল রাইটিং অ্যান্ড গ্র্যান্ট একুইজিশন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকত আলী। তিনি বলেন, “আধুনিক গবেষণায় অর্থায়ন পাওয়া এখন একটি বড় চ্যালেঞ্জ। তাই গবেষণা প্রস্তাবনা লেখায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্মত গবেষণা শুধু বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করে না, জাতীয় উন্নয়নেও ভূমিকা রাখে।”

অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম। তিনি গবেষণায় স্বচ্ছতা, পদ্ধতিগত শুদ্ধতা ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের ভিজিটিং রিসার্চ ফেলো ড. হাসিব মো. ইরফানুল্লাহ। তিনি আন্তর্জাতিক অনুদান প্রাপ্তির কৌশল, প্রস্তাবনা লেখার কাঠামো, তহবিল প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ এবং গবেষণার ফলাফল প্রকাশের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল লতিফ গবেষণায় আন্তঃবিভাগীয় সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গবেষণা করলে জ্ঞানের বিস্তৃতি বাড়ে এবং বাস্তব সমস্যার সমাধান সহজ হয়।”

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা নিজেদের গবেষণা প্রস্তাবনা নিয়ে আলোচনা ও পরামর্শ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুর রকিব ও মো. সজিব মিয়া। কর্মশালার শেষে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

/এমএস

সম্পর্কিত