বেরোবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা ও তার কার্যকর প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ভালো থাকাই তার শিক্ষাগত অগ্রগতি, কর্মদক্ষতা ও সামাজিক আচরণের মূল ভিত্তি। তিনি বলেন, আজকের দ্রুত পরিবর্তনশীল সমাজে শিক্ষার্থীরা নানা মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার ঝুঁকিতে রয়েছে। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান সময়ের দাবি। উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও কাউন্সেলিং সেবার ব্যবস্থা করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই মানসিক স্বাস্থ্যের সহায়তা নিতে পারে। ভবিষ্যতে এমন শিক্ষার্থী-বান্ধব উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ ডা. এ. এম. এম. শাহরিয়ার। মানসিক স্বাস্থ্য, বিষণ্নতা ও তার কার্যকর প্রতিকার বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. খন্দকার আনজুমান আরা বেগম। সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিষণ্নতা প্রতিরোধের কৌশল ও সহায়ক পরামর্শ সেবা সম্পর্কে আলোচনা করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

/এমএস

বিষয়:

বেরোবি

সম্পর্কিত