পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা ও গবেষণার আগ্রহ বাড়াতে আন্তঃসৃজনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সৃজনীবিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা দুটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা একটি দলে এবং নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা অন্য দলে প্রতিদ্বন্দ্বিতা করে। পুরো মেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক কৌতূহল দর্শকদের মুগ্ধ করে।
মেলায় মোট ১২টি প্রকল্প প্রদর্শন করা হয়। ক্ষুদে বিজ্ঞানীরা বিকল্প পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন, রেইন ওয়াটার হারভেস্টিং, আগ্নেয়গিরির প্রকৃতি প্রদর্শনসহ নানা সৃজনশীল উদ্ভাবন উপস্থাপন করে। দর্শক ও অভিভাবকরা এসব প্রদর্শনী উপভোগ করেন এবং শিক্ষার্থীদের প্রচেষ্টাকে প্রশংসায় ভরিয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন, “আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। উদ্ভাবনের মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে পারব। শিক্ষকদেরও বিজ্ঞানভিত্তিক ব্যবহারিক শিক্ষা বাড়াতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিকা পারভীন নাহার, সৃজনীবিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষার্থী সংগঠন ‘সৃজনী সংসদ’-এর উপদেষ্টা শফিউল রাজিব, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা রিফাত ও রাজিবুল ইসলাম রন্টি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সুজন মরগান।
প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ প্রকল্প উপস্থাপকদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের উদ্দীপনা, সৃজনশীলতা ও বৈজ্ঞানিক কৌতূহলে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
এই বিজ্ঞান মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে গবেষণামুখী মনোভাব জাগ্রত হওয়ার পাশাপাশি বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।