চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) হলসংসদ ও হোস্টেল সংসদের বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সর্বমোট ১ হাজার ১৬২ জন প্রার্থী। এছাড়া মনোনয়নপ্রত্র জমা দিয়েছেন ৩৭১ জন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।
তিনি জানান, 'আজ পর্যন্ত চাকসুতে ৫২৮ জন মনোনয়নপ্রত্র নিয়েছে। হল ও হোস্টেল সংসদে সর্বশেষ মনোনয়ন ফর্ম নিয়েছে ৬৩৪ জন। হলগুলোতে মনোনয়ন ফর্ম নিয়েছেন– এ. এফ. রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৫০ জন, অতীশ দীপঙ্কর হলে ৫৩ জন, শহিদ আব্দুর রব হলে ৩৮ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৬১ জন, শাহ জালাল হলে ৪৫ জন, সোহরাওয়ার্দী হলে ৮৩ জন, মাস্টার দা সূর্যসেন হলে ৪১ জন, বিজয় চব্বিশ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ৩৭ জন, শামসুন্নাহার হলে ২৫ জন, এবং একমাত্র হোস্টেল শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে ২৬ জন।'
মনোনয়নপ্রত্র জমা দানের বিষয়ে তিনি বলেন, 'এ পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা পড়েছে ৩৭১ জন। এর মধ্য চাকসুতে ১২৫ জন, হল সংসদে ২৪৬ জন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ (১৭ সেপ্টেম্বর) বর্ধিত মনোনয়ন ফর্ম বিতরণ শেষ হলো।'
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত প্রথম তিন দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে ১ হাজার ৮৯ টি ফরম বিক্রি হয়। ওইদিন মনোনয়ন ফর্ম বিতরণের শেষদিন হলেও আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত এবং আগামীকাল (১৮ সেপ্টেম্বর) ৫টা পর্যন্ত ফর্ম জমা দেওয়ার সময় বর্ধিত করে নির্বাচন কমিশন।
চাকসুর তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই–বাছাই অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।