চাকসুতে দুই দিনে ১৬৯ জনের মনোনয়ন

চবি প্রতিনিধি।
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত প্রার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে ব্যস্ত প্রার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে অংশ নিচ্ছেন বিপুলসংখ্যক প্রার্থী। দ্বিতীয় দিনে (১৫ সেপ্টেম্বর) আরও ১৪১ জন মনোনয়নপত্র নেন। এর আগে প্রথম দিনে (১৪ সেপ্টেম্বর) ২৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। ফলে দুই দিনে মোট সংখ্যা দাঁড়াল ১৬৯ জনে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র পাওয়া যাবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, এ পর্যন্ত চাকসুতে ৯৭ জন, মেয়েদের হলে ৪৬ জন এবং ছেলেদের হলে ২৬ জন প্রার্থী ফর্ম নিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা চাই এই আনন্দঘন পরিবেশ যেন সুস্থভাবে বজায় থাকে।”

অন্যদিকে ছাত্রদলের শাখা নেতারা জানান, তারা কেন্দ্রীয় সংসদের জন্য ১০টি এবং হল সংসদের জন্য প্রায় ১৫টি ফর্ম নিয়েছেন। আরও কয়েকজন প্রার্থী পরদিন ফর্ম নেবেন। শামসুন্নাহার হলের এজিএস পদপ্রার্থী পিংকি রানী বলেন, নির্বাচিত হলে তিনি ডাইনিং ও লাইব্রেরি সংস্কারের পাশাপাশি মেয়েদের যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করবেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষ হবে ১৬ সেপ্টেম্বর। জমা দেওয়ার শেষ সময় ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত। ওই দিনই ডোপ টেস্ট সনদ জমা দিতে হবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর, চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর।

সম্পর্কিত