চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে ছাত্রদলের লিখিত আবেদনের পর জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশোধিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ হবে বুধবার বিকেল ৫টা পর্যন্ত এবং জমা দেওয়ার সময়সীমা বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে সময় বাড়ানোর দাবি জানিয়ে লিখিত আবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, অনেক প্রার্থী এখনো ক্যাম্পাসে পৌঁছাতে পারেনি। সময় না বাড়ালে তা হবে একপক্ষীয় সিদ্ধান্ত।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ছাত্রদলসহ কয়েকজন শিক্ষার্থীর আবেদনের পর বৈঠক ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ঘোষিত তপশিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর এবং শেষ হওয়ার কথা ছিল ১৬ সেপ্টেম্বর। জমা দেওয়ার শেষ সময় ছিল ১৭ সেপ্টেম্বর। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।