চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট ১২ অক্টোবর

চবি প্রতিনিধি
ফাইল ছবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি:
ফাইল ছবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল সংসদ নির্বাচন-২০২৫-এ মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসু নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৪২৯ জন এবং হল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী জানান, এবারের নির্বাচনে মোট ১ হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ২৩৩ জন তা জমা দেননি।

হল সংসদে মনোনয়ন জমাদানকারী প্রার্থীদের মধ্যে ছাত্র হল থেকে ৩৫৬ জন, ছাত্রী হল থেকে ১২৫ জন এবং হোস্টেল সংসদে ২১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। হলভিত্তিক মনোনয়ন জমা দেওয়া প্রার্থীর সংখ্যা হলো: সোহ্‌রাওয়ার্দী হলে ৫৩ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৪৭ জন, শাহ আমানত হলে ৪৩ জন, এ এফ রহমান ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে ৩৮ জন করে, মাস্টারদা সূর্যসেন হলে ৩৭ জন, শাহজালাল হলে ৩৬ জন, আলাওল হলে ৩৩ জন, শহীদ আব্দুর রব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩১ জন করে, বিজয় ২৪ হলে ২৯ জন, প্রীতিলতা হলে ২৬ জন, শামসুন নাহার হলে ২২ জন, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২১ জন এবং নবাব ফয়জুন্নেছা হলে ১৭ জন।

নির্বাচন কমিশন সংশোধিত তফসিল প্রকাশ করেছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর (রোববার), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ সেপ্টেম্বর (সোমবার), মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার), প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ সময় ২৪ সেপ্টেম্বর (বুধবার), এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। এরপর আগামী ১২ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে গণনা শুরু হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব প্রস্তুতি সম্পন্ন করছে বলে জানিয়েছে প্রশাসন।

সম্পর্কিত