ঢাবি ছাত্রীকে নির্যাতন, হোস্টেল পরিচালক গ্রেপ্তার

ঢাবি প্রতিনিধি।
নির্যাতনের অভিযোগে আটক হোস্টেল পরিচালক রাজিয়া বেগমকে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
নির্যাতনের অভিযোগে আটক হোস্টেল পরিচালক রাজিয়া বেগমকে থানায় নিয়ে যায় পুলিশ। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে এক নারী হোস্টেল পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকার একটি বেসরকারি হোস্টেল থেকে পরিচালক রাজিয়া বেগমকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই ছাত্রী কয়েক মাস ধরে হোস্টেলটিতে থাকতেন। সম্প্রতি এক বন্ধু তাকে দেখতে গেলে পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজিয়া ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং পরে তাকে হোস্টেলের কক্ষে আটকে রাখেন। এরপর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রী পালিয়ে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঢাবি প্রশাসনের নজরে এলে তারা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই হোস্টেলটিতে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অভিযোগ ছিল। কেউ সময়মতো ভাড়া দিতে না পারলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো, এমনকি গেস্ট আসলে বাড়তি টাকা নেওয়া ছিল নিয়মিত ঘটনা। তবে এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিয়া বেগম কিছুটা অসঙ্গতিপূর্ণ তথ্য দিয়েছেন। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় ঢাবির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হোস্টেল ব্যবস্থাপনায় কঠোর নজরদারি ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, কোনো ছাত্রী যেন এ ধরনের নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত