ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বিশেষ বিবেচনায়’ ভর্তি ও হল সিট বরাদ্দ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ফজলুল হক মুসলিম হলসহ বিভিন্ন হলে এমন শিক্ষার্থীদের সিট দেওয়া হয়েছে যারা একসময় বহিষ্কৃত বা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে দূরে ছিলেন।
জানা যায়, রমজান মাসে ক্যান্টিনে মারামারি ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বহিষ্কৃত কিছু শিক্ষার্থীও এ প্রক্রিয়ায় হলে উঠেছেন। এমনকি ২০০৫-০৬ ও ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদেরও প্রথম বর্ষের ছাত্রদের সঙ্গে রাখা হয়েছে, যা বর্তমান শিক্ষার্থীদের ক্ষোভ সৃষ্টি করেছে।
এ বিষয়ে ফজলুল হক মুসলিম হল সংসদ উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে। উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান বিষয়টি তদন্তের আশ্বাস দিয়ে জানান, প্রভোস্ট কমিটি ও সিন্ডিকেটে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হল সংসদের ভিপি খন্দকার আবু নাঈম বলেন, “জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে অনৈতিকভাবে সিট বরাদ্দ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” অন্যদিকে মাস্টারদা সূর্যসেন হলের ভিপি আজিজুল হক বলেন, “২০ বছর পুরনো শিক্ষার্থীদের নবীনদের সঙ্গে রাখা প্রশাসনের জন্য লজ্জাজনক।”
ডাকসুর নেতারাও আশঙ্কা প্রকাশ করেছেন, এতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ও গেস্টরুম সংস্কৃতি আবার ফিরতে পারে।
/এমএস