ঢাবিতে টেলিভিশন প্রোডাকশন নিয়ে দুইদিনের কর্মশালা

ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে শুরু হয়েছে ‘টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে শুরু হয়েছে ‘টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ‘টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট’ বিষয়ক দুইদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারপারসন ড. প্রিয়াংকা গোপ। তিনি বলেন, বর্তমান সময়ে সংগীত ও টেলিভিশন প্রোডাকশন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই কর্মশালাটি অত্যন্ত প্রয়োজনীয়।

কর্মশালায় মোট আটটি তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন দীপ্ত টিভির অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দিন আহমেদ, গবেষক ও মিডিয়া বিশ্লেষক ড. ইসলাম শফিক, সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, সংগীত পরিচালক সৈয়দ সাবাব আলী আরজু, সাউন্ড ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান পিয়াল, চিত্রগ্রাহক জ্যাকব সানী ডি রোজারিও এবং সংগীত প্রযোজক অর্ক সুমন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, “এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা দেবে এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব শিল্পে প্রয়োগে সহায়ক হবে।” তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পজগতের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন তৈরিতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর।

কর্মশালায় সংগীত বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তারা টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, সাউন্ড রেকর্ডিং, পরিচালনা, সম্পাদনা এবং প্রোডাকশন ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাচ্ছেন।

শেষ দিনে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের মিডিয়া প্রফেশনাল হিসেবে নিজেদের গড়ে তুলতে পারেন।

/এমএস

সম্পর্কিত