গবেষণায় শিক্ষার্থীকে বেতন দেবে পাবিপ্রবি প্রশাসন

পাবিপ্রবি প্রতিনিধি।
গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত করতে ভাতা ঘোষণা করেছে পাবিপ্রবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
গবেষণায় শিক্ষার্থীদের যুক্ত করতে ভাতা ঘোষণা করেছে পাবিপ্রবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) তাদের শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এবার থেকে নির্দিষ্ট হারে মাসিক বেতন পাবেন। এর ফলে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আরও বেশি গবেষণায় সম্পৃক্ত হবেন বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক শিক্ষার্থীরা মাসে ৪ হাজার টাকা, স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা ৫ হাজার টাকা এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা ১০ হাজার টাকা করে বেতন পাবেন। প্রতিটি শিক্ষককে গবেষণা কার্যক্রমে অন্তত একজন শিক্ষার্থীকে গবেষণা সহকারী হিসেবে যুক্ত করতে হবে।

এছাড়া গবেষণার মানোন্নয়নে আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশ করলে বাড়তি সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিউ–১ জার্নালে প্রবন্ধ প্রকাশিত হলে শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা, কিউ–২ জার্নালে ৩০ হাজার টাকা এবং কিউ–৩ জার্নালে প্রকাশিত হলে ১০ হাজার টাকা। বিশেষ করে পিএইচডি শিক্ষার্থীদের জন্য এই আর্থিক সহায়তা অতিরিক্তভাবে কার্যকর হবে।

কেবল গবেষণাপত্র প্রকাশ নয়, বরং কনফারেন্সে অংশগ্রহণের জন্যও ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা ৩ হাজার টাকা এবং পিএইচডি শিক্ষার্থীরা ৫ হাজার টাকা সহায়তা পাবেন। একইসাথে উদ্ভাবনী প্রকল্পে অর্থ বরাদ্দের পরিমাণও দ্বিগুণের বেশি বাড়িয়ে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

পাবিপ্রবি প্রতি বছর সেরা গবেষককে ‘রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদানের পরিকল্পনাও নিয়েছে। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা, সঙ্গে ক্রেস্ট ও সনদপত্র থাকবে। শিক্ষার্থীরা মনে করছেন, গবেষণায় সম্পৃক্ত হতে এই ধরনের প্রণোদনা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আন্তর্জাতিক মানের কাজের সুযোগ সৃষ্টি করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্বাস, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে দেশের গবেষণা খাতে নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি, শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় গবেষণাকে কেবল বাধ্যতামূলক একাডেমিক ধাপ নয়, বরং ক্যারিয়ার উন্নয়নের অন্যতম মাধ্যম হিসেবে গ্রহণ করতে উদ্বুদ্ধ হবেন।

সম্পর্কিত