হাকসু নির্বাচনের কার্যকর পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

হাবিপ্রবি প্রতিনিধি।
হাবিপ্রবির শিক্ষার্থীরা হাকসু নির্বাচনের দাবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
হাবিপ্রবির শিক্ষার্থীরা হাকসু নির্বাচনের দাবি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্র সংসদ (হাকসু) নির্বাচন এখনও কার্যকরভাবে শুরু হয়নি। প্রায় দেড় মাস আগে আট সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা অভিযোগ করছেন, এখন পর্যন্ত নির্বাচনের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসুও আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তবে হাবিপ্রবিতে এখনও কার্যকর পদক্ষেপ হয়নি।

গত বছরের ৫ আগস্ট থেকে শিক্ষার্থীদের মধ্যে হাকসু নির্বাচন আয়োজনের দাবী জোরদার হয়। বিভিন্ন ছাত্র সংগঠন প্রশাসনের কাছে দ্রুত গঠনতন্ত্র প্রণয়নের মাধ্যমে নির্বাচন আয়োজনের স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানিয়েছে। জুলাই মাসে অনশন কর্মসূচি পালনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি জানান, পরে প্রশাসন নির্বাচনী কমিটি গঠনের আশ্বাস দেয়।

এখনও কোনো কার্যকর পদক্ষেপ না হওয়ায় সামাজিক মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন। আহ্বায়ক কমিটি জানাচ্ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই প্রণয়ন করা হবে। শিক্ষার্থীরা ত্বরিত ও স্বচ্ছ হাকসু নির্বাচন আশা করছেন।

সম্পর্কিত