ইবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন

ইবি প্রতিনিধি।
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এ দিবস পালনের আয়োজন করে। সোমবার(১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 

এসময় বিভাগের সভাপতিঅধ্যাপক ড. আব্দুস সবুর এর সভাপতিত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. কাজী আকতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া, অধ্যাপক ড. জাকির হোসেন, অধ্যাপক জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক কামাল হোসেন, ইসরাত জাহান, নাজমুল হুদা, কামাল উদ্দিন ও জাফর আলী। এছাড়াও বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর বলেন, “প্রতিবছরের ন্যায় এবারও বিভাগের পক্ষ থেকে আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস ২০২৫-এর আয়োজন করেছি। মূলত এই প্রফেশনে যারা আছেন তাদের উৎসাহিত করার জন্য প্রতিবছর এই দিনটি পালন করা হয়। আমাদের দৃঢ় বিশ্বাস দেশব্যাপী জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অ্যাকাউন্টিং খুবই জরুরি।”

উল্লেখ্য, অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিংয়ের জনক ইতালীয় গণিতবিদ ও ধর্মযাজক লুকা ডি প্যাসিওলির লেখা ‘সুমা ডি এরিথমেটিকা, জিউমেট্রিকা, প্রোপরসনি এট প্রোপরসনালিটা’ নামক বই ১৪৯৪ সালের ১০ নভেম্বর প্রকাশকে স্মরণ করতে এ দিবস পালন করা হয়। সেইসাথে সারাবিশ্বে সকল ধরনের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে হিসাববিদদের বর্ণাঢ্য অবদানের কথা স্মরণ করে তাদের সম্মানে এ দিবসটি পালন করা হয়।

/এমএস

বিষয়:

ইবি

সম্পর্কিত