শিক্ষার্থীদের একাডেমিক, সাংস্কৃতিক ও পেশাগত বিকাশে অবদান রাখার লক্ষ্য নিয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩১ অক্টোবর) এসব কর্মসূচির বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২ নভেম্বর শুরু হবে ‘ফিটনেস স্ক্রিনিং ও ফিজিওথেরাপি ক্যাম্প’ দিয়ে। এরপর ধারাবাহিকভাবে ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং’ বিষয়ক সেমিনার, যা শিক্ষার্থীদের বিকল্প আয়ের সুযোগ তুলে ধরবে।
৬ নভেম্বর ক্যাম্পাস সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে শুরু হবে ‘আমাদের ক্যাম্পাস আমরাই গড়ব’ ক্যাম্পেইন। ৯ নভেম্বর ‘মেধাবী সংবর্ধনা’ এবং ১০ নভেম্বর ‘বিশ্ববিদ্যালয়ের বিকাশে গণমাধ্যমের ভূমিকা’ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১১ নভেম্বর বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তি সুযোগ নিয়ে সেমিনার, ১২ নভেম্বর স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি এবং ১৩ নভেম্বর রক্তদান ও ‘মেডিকেল ডিসপ্যাচ বুথ’ উদ্বোধনের আয়োজন করা হয়েছে। মাসজুড়ে ‘হঠাৎ কুইজ প্রতিযোগিতা’ প্রতিদিন দুপুর ১২টায় চলবে।
এছাড়া ১৬ নভেম্বর ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ১৭ নভেম্বর রম্য বিতর্ক, ১৮ নভেম্বর চাকরি মেলা ও সফট স্কিল ট্রেনিং কর্মশালা, ২০ নভেম্বর ইনডোর ও আউটডোর গেমস, এবং ২৩ নভেম্বর ‘ইন্ডাস্ট্রি ৪.০’ বিষয়ক প্রযুক্তি সেমিনার আয়োজন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে, যার মধ্যে রয়েছে বুকসেলফ, ফার্স্ট এইড বক্স, ইনডোর গেমস, যোগব্যায়াম ম্যাট ও পানির ফিল্টার স্থাপনসহ নানা উদ্যোগ।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের কর্মসূচি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য, এটি কোনো নির্বাচনী উদ্দেশ্যে নয়। অতীতেও ছাত্রদল শিক্ষার্থীদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
/এমএস