জবিতে ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি গঠন

জাবি প্রতিনিধি।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গঠিত হয়েছে একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটির গঠন অনুমোদন ও প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭৫তম (জরুরি) সভায় নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি ভর্তি পরীক্ষা পরিচালনা, ভর্তি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আলপ্তগীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

এর আগে একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী—

🔹 ই-ইউনিট (চারুকলা অনুষদ): ১৩ ডিসেম্বর ২০২৫ (শনিবার)

🔹 এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): ২৬ ডিসেম্বর (শুক্রবার)

🔹 সি-ইউনিট (বিজনেস স্টাডিজ): ২৭ ডিসেম্বর (শনিবার)

🔹 ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান): ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

🔹 বি-ইউনিট (কলা ও আইন অনুষদ): ২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার)

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নতুন কমিটি ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সুষ্ঠু ও আধুনিক প্রযুক্তিনির্ভর করতে কাজ করবে। এতে শিক্ষার্থীরা সহজে আবেদন ও অংশগ্রহণ করতে পারবে, যা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে।

অধিকর্তৃপক্ষের মতে, এ উদ্যোগ গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে আস্থা ও আগ্রহ বাড়াবে।

/এমএস

সম্পর্কিত