ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে রেগুলার মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হয়েছে। যেকোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরাই এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম সিজিপিএ ২.৫০ বা সমমানের দ্বিতীয় বিভাগ থাকা আবশ্যক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি বা ‘D’ গ্রেড রয়েছে, তারা আবেদন করার যোগ্য নন। ভর্তি প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক দুই ধাপে পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় মোট ৮০ নম্বর এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর নির্ধারিত থাকবে।
লিখিত পরীক্ষায় তিনটি বিষয়ের ওপর প্রশ্ন করা হবে— ভাষা ও যোগাযোগ দক্ষতা, পরিমাণগত যুক্তিবিদ্যা (Quantitative Aptitude), এবং রাইটিং স্কিলস। এই পরীক্ষার মাধ্যমে আবেদনকারীর বিশ্লেষণ, যুক্তি ও যোগাযোগ দক্ষতা যাচাই করা হবে।
ভর্তির আগেই প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র সমাজবিজ্ঞান বিভাগে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ভর্তি ফর্ম সংগ্রহ করা যাবে সরাসরি সমাজবিজ্ঞান বিভাগের অফিস থেকে।
আবেদনের সময়সীমা ও পরীক্ষার সূচি:
আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর ২০২৫।
ভর্তি ফরমের মূল্য ১,২০০ টাকা।
লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমাজবিজ্ঞানে মাস্টার্স প্রোগ্রামটি গবেষণামূলক ও নীতিনির্ধারণমুখী শিক্ষার্থীদের জন্য উপযোগী। এই কোর্স শেষ করে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় কর্মজীবনের সুযোগও রয়েছে।
/এমএস