খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও পরিমার্জন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে বুধবার ইউআরপি লেকচার থিয়েটারে এই প্রশিক্ষণ শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উপাচার্য তার বক্তব্যে বলেন, গুণগত শিক্ষার জন্য সঠিক মূল্যায়ন ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। ওবিই পদ্ধতিতে পাঠদান ও পরীক্ষা একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি ও একাডেমিক অ্যাক্রেডিটেশন অর্জনের জন্য কোর্স লার্নিং আউটকাম (সিএলও) এবং প্রশ্নপত্রের মধ্যে সঙ্গতি নিশ্চিত করা আবশ্যক। তাই প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়াকে সুসংহত করা জরুরি।
বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, অনেক দেশে কোর্স ক্রেডিট ব্যবস্থা থাকলেও প্রশ্নপত্র পরিমার্জনের প্রক্রিয়া নিয়মিত ও কাঠামোবদ্ধভাবে পরিচালিত হয় না। কিন্তু খুবি শিক্ষার মান নিশ্চিত করতে ওবিই পদ্ধতিকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীর শেখার ফল নির্ভুলভাবে যাচাই করতে এ ধরনের প্রশিক্ষণ অপরিহার্য।
ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, কোশ্চেন প্রিপারেশন ও মডারেশন বিষয়ে এই প্রশিক্ষণ সময়োপযোগী এবং আগামী সপ্তাহে কোশ্চেন মডারেশনের কাজ শুরু করার পূর্বে তরুণ শিক্ষকদের জন্য অত্যন্ত কার্যকরী হবে।
প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রিসোর্স পারসন প্রফেসর ড. এবিএম রহমতুল্লাহ (এআইইউবি) এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে রিসোর্স পারসন ওবিই ফরম্যাট ভিত্তিক প্রশ্ন প্রণয়ন ও গাইডলাইন অনুযায়ী কোশ্চেন মডারেশন বিষয়ক টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করে তাদের দক্ষতা বৃদ্ধি করেছেন।
/এমএস