গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও সুপ্রীম সীড কোম্পানি লিমিটেডের মধ্যে কৃষি গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তির মূল উদ্দেশ্য হলো টেকসই কৃষি উন্নয়নে গবেষণা কার্যক্রমকে গতিশীল করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা, শিক্ষাক্ষেত্র ও শিল্পখাতের মধ্যে পারস্পরিক সমন্বয় গড়ে তোলা এবং তরুণ কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়তা করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং সুপ্রীম সীড কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মোঃ মকফরউদ্দিন আকন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর ও সিনিয়র শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাকৃবির আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। শুরুতে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব এবং গাকৃবি ও সুপ্রীম সীডের ইতিহাস ও কার্যক্রম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
চুক্তি স্বাক্ষর শেষে সুপ্রীম সীডের চেয়ারম্যান বলেন, “এই সহযোগিতা বাংলাদেশের কৃষিকে টেকসই ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখবে।”
উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “শিক্ষা ও শিল্পখাতের এই সমন্বয় শিক্ষার্থীদের হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেবে। এটি দেশের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”
উল্লেখ্য, সুপ্রীম সীড কোম্পানি লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা মাঠফসল ও সবজি বীজ উৎপাদন ও বিপণনে কাজ করে থাকে।