মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন কর্তৃক প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-এ স্থান পেয়েছে। এই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি ১২০১–১৫০০ সীমার মধ্যে রয়েছে এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে অবস্থান করছে।
এই র্যাঙ্কিংয়ে শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিল্পখাতের সাথে সংযোগ এবং আন্তর্জাতিক উপস্থিতি—চারটি মূল মানদণ্ড বিবেচনা করা হয়েছে। বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় স্থান পেয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি র্যাঙ্কিং এবং ৯টি রিপোর্টার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত।
মাভাবিপ্রবি'র গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল এই অর্জনকে দেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গৌরবময় মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
এই র্যাঙ্কিং শুধু একটি সংখ্যা নয়; এটি মাভাবিপ্রবি’র শিক্ষার মান, গবেষণার গভীরতা ও আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রমাণ করার অনন্য স্বীকৃতি। এ অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি গবেষণায়।
মাভাবিপ্রবি’র জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত।