প্রাণী ও প্রাণের মিলনমেলায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি।
প্রাণী ও প্রাণের মিলন মেলায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
প্রাণী ও প্রাণের মিলন মেলায় বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী “প্রাণী ও প্রাণের মিলন মেলা” অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরাও। আয়োজকরা জানান, জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি এবং বাংলাদেশকে প্রাণী ও প্রাণের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।

মেলায় ছিল প্রাণীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ কেন্দ্র, যেখানে প্রাণীপ্রেমীরা তাদের পোষা প্রাণীর নানা সমস্যার বিষয়ে ভেটেরিনারিয়ানদের পরামর্শ নেন। পাশাপাশি ঘোড়া, কুকুর, বিড়াল, পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শনীও দর্শনার্থীদের আকর্ষণ করে।

বাকৃবি ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ইন্দ্রানী আদিত্য সরকার বলেন, “বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে প্রোগ্রামটি আয়োজন করেছে, এখানে মূলত নানা জাতের কুকুর, বিড়াল, ঘোড়া ও পাখি প্রদর্শন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো প্রাণীর প্রতি মানবিকতা বাড়ানো, তাদের সঠিক সময়ে চিকিৎসা ও ভ্যাকসিনেশন নিশ্চিত করা এবং মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া। একজন ভেট হিসেবে প্রাণীদের সংরক্ষণ ও মানবিক চিকিৎসার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব।”

আরেক শিক্ষার্থী রাফসান জানি বলেন, “অনেকেই তাদের পোষা প্রাণীর সমস্যার বিষয়ে পরামর্শ নিয়েছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে কমিউনিটি ভ্যাকসিনেশন নিয়ে। এই আয়োজনে আমরা সবাইকে যে বার্তা দিতে চেয়েছি তা হলো আমরা মিলে এই দেশকে যেনো প্রাণের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তুলতে পারি।”

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রাণীপ্রেমীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ আরও জাগ্রত করবে এবং জীববৈচিত্র্য রক্ষায় সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্পর্কিত