রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, সিনেট ও হল সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আমেজ জমে উঠেছে। প্রার্থীরা দিনরাত প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন, বিশেষ করে ছুটির দিনেও নেই বিরতি।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করেন। পরিবহন মার্কেটসহ আবাসিক হলগুলোতে তারা লিফলেট বিতরণ করেন এবং সরাসরি ভোটারদের কাছে গিয়ে সমর্থন চান।
নির্বাচনী নীতিমালা অনুযায়ী, সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণার সময় নির্ধারিত রয়েছে। চলতি নির্বাচনে রাকসুর ২৩টি পদে অংশ নিচ্ছেন ২৪৭ জন প্রার্থী। সিনেট প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন, আর হল সংসদের জন্য লড়ছেন প্রায় ৬০০ জন। এ নির্বাচনে মোট ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে; এর মধ্যে ৯টি আংশিক এবং ছাত্রদল ও ছাত্রশিবির দিয়েছে পূর্ণাঙ্গ প্যানেল।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর, বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। সেখানে ৯৯০টি বুথের মাধ্যমে ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।