রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের প্রতিনিধি নির্বাচনে অংশ নিতে “ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম” নামের প্যানেল তাদের ১০ দফা ইশতেহার প্রকাশ করেছে। নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, প্রশাসনিক স্বচ্ছতা ও আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতারা এই ১০ দফা ঘোষণা দেন। তারা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক ক্যাম্পাস গড়ে তোলা, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য।
ইশতেহারে উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে— ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি ড. শামসুজ্জোহা শহীদ দিবসকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া, শিক্ষার্থীদের পাঠদান ও পরীক্ষায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগে উন্নতমানের ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে আধুনিক সরঞ্জামে সমৃদ্ধ করা।
এছাড়া নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়ক ব্যবস্থা, আবাসন সংকট দূরীকরণ, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা এবং ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের কথাও রয়েছে ইশতেহারে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি, ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
প্যানেলটির নেতারা জানান, এই ১০ দফা বাস্তবায়ন সম্ভব হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাসে রূপ নেবে, যেখানে প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগে নিজেদের বিকশিত করতে পারবে।
আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ২৩টি পদের জন্য ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ২৮,৯০১ জন, যার মধ্যে নারী ভোটার ১১,৩০৫ এবং পুরুষ ভোটার ১৭,৫৯৬ জন। ভোটগ্রহণের দিনই ফলাফল ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।