শাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আশিকুর রহমান, শাবিপ্রবি প্রতিনিধি।
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

শুক্রবার (৭ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি প্রশাসন ভবন-১ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

মিনি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসের মূল নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিগত ১৭ বছর এ দিবসটি পালনের সুযোগ দেওয়া হয়নি। নতুন প্রজন্মকে এ দিবসের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না। আজ সেটিই প্রমাণিত সত্য। 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়-এ জিয়া পরিষদ এর কোষাধ্যক্ষ থাকাকালীন আমি তাঁর ক্যান্টনমেন্টের বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তাঁর পরিবারের স্মৃতিবিজড়িত এই বাসাটি একসময় গুড়িয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন এবং নিজেও অত্যন্ত সৎ মানুষ ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন তিনি মানুষের হৃদয়ে স্থান করে নেন। এমন মানুষদের ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যায় না। আমাদের সন্তানদের সঠিক ইতিহাস জানতে হবে। কারণ সঠিক ইতিহাস জানার মাধ্যমেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রশিদ এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।

আলোচনা সভায় ‘অনুপ্রেরণায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার পাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফ উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মোঃ আতিকুল হক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ গোলাম আলী হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন।

এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এমএস

বিষয়:

শাবিপ্রবি

সম্পর্কিত