জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০) টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন কর্মকর্তা পরিবার-পরিজন নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঢাকা থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তারা সেঁজুতি ট্রাভেলসের একটি বাসে ছিলেন। পথে শান্তিগঞ্জ উপজেলার ইনাতনগর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে উল্টে পড়া বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা।
দুর্ঘটনায় বাসে থাকা আরও ১০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, যেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। একই সময়ে শান্তিগঞ্জ থানা-পুলিশ ও জয়কলস হাইওয়ে থানার সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে পর্যটকবাহী বাসটি খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়ে নিহত দুজনের লাশ ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেছেন।’
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।