সুর ও ছন্দে চারুকলায় শরৎ উৎসব উদযাপন

ঢাবি প্রতিনিধি
চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সুর ও ছন্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের বকুলতলায় ‘শরৎ উৎসব ১৪৩২’ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও ডাকসু যৌথভাবে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতায় ওই উৎসব আয়োজন করা হয়। এতে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। 

প্রধান অতিথির অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শরৎ উৎসব আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উৎসব শিক্ষক-শিক্ষার্থীদের আন্তঃসম্পর্ক সুদৃঢ় করতে ভূমিকা রাখবে। বর্তমান যান্ত্রিক জীবনে এধরনের উৎসব আমাদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসব উৎসব থেকে মানবিক গুনাবলী অর্জন করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন। শরৎ উৎসবকে গ্রাম-বাংলার চিরায়ত উৎসব হিসেবে উল্লেখ করে তিনি বলেন এই উৎসবের মাধ্যমে আমরা বিশ্ব দরবারে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে পারি।

এসময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে উৎসবের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, সংগীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াংকা গোপ, নৃত্যকলা বিভাগের চেয়ারপার্সন তামান্না রহমান, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

উৎসবে চারুকলা অনুষদ, সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া পেইন্টিং প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের ফারিয়া নওশিন আহমেদ ও সাজ্জাদুল ইসলাম এবং গ্রাফিক ডিজাইন বিভাগের ফরহাদ আলী।

সম্পর্কিত