বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) সম্প্রতি ‘সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গঠন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ও পেশাগত আগ্রহ সৃষ্টিই ছিল মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান যুগে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সাইবার হুমকি বেড়েছে। তাই শুধু বইপুস্তকের জ্ঞান নয়, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়া সময়ের দাবি।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে সাইবার আক্রমণের ঝুঁকিও বাড়ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ ও সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্ম যদি সঠিকভাবে প্রশিক্ষিত হয়, তাহলে ভবিষ্যতে দেশ সাইবার হামলা মোকাবিলায় আত্মনির্ভর হতে পারবে।
কর্মশালায় মূল বক্তা হিসেবে ছিলেন বাউয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে “বাইট ক্যাপসুল” কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিকিউরিটি বিশ্লেষক সাকিব হক জিসান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং কিভাবে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়া যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, এই খাতে এখন দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
কর্মশালার অংশ হিসেবে একটি র্যালিরও আয়োজন করা হয়, যা বাউয়েট প্লাজা থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্লাজায় এসে শেষ হয়। এতে শিক্ষার্থীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন, যেখানে সাইবার সচেতনতার নানা বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মশালা তরুণদের সাইবার নিরাপত্তা বিষয়ে আগ্রহী করবে এবং ভবিষ্যতে বাংলাদেশে প্রযুক্তি খাতকে আরও শক্তিশালী করবে।