চাকরি নয়, উদ্ভাবনেই নেতৃত্ব দিক তরুণরা’ — শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৭তম সমাবর্তনে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩৭তম সমাবর্তনে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে তরুণ প্রজন্মকে শুধু চাকরির প্রত্যাশী হিসেবে নয়, বরং উদ্ভাবন, উদ্যোক্তা মনোভাব এবং নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে— এমন আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

রোববার গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা কোনো ব্যয় নয়, এটি শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে এক দীর্ঘমেয়াদি বিনিয়োগ।”

ড. আবরার জানান, বাংলাদেশ সরকার বর্তমানে শিক্ষা সংস্কারে ডিজিটাল রূপান্তর, সমতা ও মানোন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। এর লক্ষ্য, এমন এক শিক্ষাব্যবস্থা তৈরি করা যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী এবং সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

তিনি আরও বলেন, “তোমাদের জন্য শিক্ষা এক মহান দায়িত্ব। এটি ব্যবহার করো মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে। বিশ্বাস হবে তোমার দিকনির্দেশনা, জ্ঞান হবে আলো, আর সহমর্মিতা হবে শক্তি।”

শিক্ষা উপদেষ্টা স্মরণ করেন ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদেরও।

ড. আবরার বলেন, “আইইউটি হচ্ছে ওআইসি’র (OIC) তত্ত্বাবধানে বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়— যা দেশের গর্ব।” তিনি আশ্বাস দেন, “সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর অগ্রগতি ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।”

সমাবর্তনে ওআইসি’র সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর আফতাব আহমেদ খোখের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবর্তন বক্তা ছিলেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ওআইসি প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নেন।

সম্পর্কিত