ড্যাফোডিলে শিল্প-শিক্ষায়তন বক্তৃতামালা

নিজস্ব প্রতিবেদক
ড্যাফোডিলে শিল্প-শিক্ষায়তন বক্তৃতামালা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ড্যাফোডিলে শিল্প-শিক্ষায়তন বক্তৃতামালা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রিনিউরশীপ ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টারের উদ্যোগে আয়োজিত 'শিল্প-শিক্ষায়তন সংযোগ উন্নয়ন' বক্তৃতামালার দ্বিতীয় পর্বের দ্বিতীয় অনুষ্ঠানের মূল বক্তা এনভয় লিগেসী ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ বলেছেন, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা মোকাবেলা করেও বাংলাদেশের পোষাক খাতের উদ্যোক্তারা দেশেতৈরী পোষাক উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের জন্য নয়া কর্মসংস্থান সৃষ্টি করে চলছেন, যা রাষ্ট্রায়ত্ত্ব খাতের তুলনায় অনেক বেশি। কিন্তু এরপরও তাদেরকে এমন কিছু সমস্যায় পড়তে হচ্ছে যেগুলোর সমাধানের এখতিয়ার তাদের হাতে নেই। 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং আরো বলেন, বেসরকারি উদ্যোক্তারা কাজের জন্য নতুন পদ তৈরি করছেন। কিন্তু উক্ত পদ পূরণের জন্য উপযুক্ত ও দক্ষ লোকবল না পেয়ে তাদেরকে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। নিরূপায় হয়ে কেউ কেউ উচ্চ বেতন দিয়ে বিদেশ থেকেও লোকজন নিয়ে আসছেন এবং এতে করে পণ্য ও সেবার উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। কিন্তু বিষয়টির স্থায়ী সমাধানের লক্ষ্যে তথা মানসম্মত স্নাতক তৈরির উদ্যোগ খুবই সীমিত। বেসরকারি খাতের প্রথম সারির ৮/১০টি বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বের হচ্ছে, তাদের একটি বড় অংশ রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি সকলের জন্যই আশীর্বাদ, বাকীরা মানবসম্পদ না হয়ে উল্টো বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশংসা করে তিনি বলেন, তাদের ন্যায় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কেন তা পারছে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচিৎ তা ভালোভাবে যাচাই-বাছাই করে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে  আজ ২০ সেপ্টেম্ব’র’ ২০২৫ তারিখ (শনিবার) আয়োজিত উক্ত বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ'র উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।  ইনোভেশন এন্ড এন্ট্রাপ্রিনিউরশীপ ডিপার্টমেন্ট বিভাগের প্রধান মোঃ কামরুজ্জামানের গঞ্চালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন ডিআইইউ'র ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। 

ড. মো. সবুর খান বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত তৈরী পোষাক শিল্পখাতে যে বিশাল অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তার জন্য এনভয় লিগেসী ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ এর মতো মানুষ আমাদের দেশে সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন। আমরা সৌভাগ্যবান যে তাদের মতো মানুষেরা আমাদের অর্থনীতির নেতৃত্ব দিয়েছেন এবং এখনো তাদের সেই ধারা অব্যহত রেখেছেন। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা তাদের কথা পড়বে, শুনবে এবং সেই অনুযায়ী তারাও এক সময় আমাদের অর্থনীতিতে অবদান রাখবে।

অনুষ্ঠানের সভাপতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর কবির বলেন, প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ এর মতো শিল্পপতি ও এনভয় লিগেসী ও শেলটেক  গ্রুপের মতো প্রতিষ্ঠান নিয়ে আমাদের শেখার অনেক জায়গা আছে। আজকের এই অনুষ্ঠান থেকেই আমরা সবাই উপলব্ধি হলাম, ব্যবসা করার জন্য টাকার চাইতে বরং কত বেশি পরিমাণ মানসিক শক্তির প্রয়োজন হয়। বাংলাদেশের মধ্যে একমাত্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতেই উদ্ভাবন ও উদ্যোক্তা বিভাগ রয়েছে, আশা করি আমাদের শিক্ষার্থীরা এই আয়োজন ও প্রকৌশলী কুতুবুদ্দিন আহমেদ সাহেবের দিক নির্দেশনা থেকে অনেক কিছুই অর্জন করেছে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যাগে শিল্প-শিক্ষায়তন বক্তৃতামালা প্রথম শুরু হয় ২০১৬ সালে এবং সেই থেকে প্রথম পর্বের আওতায় মোট ১৩ জন দেশি-বিদেশি বিশিষ্ট উদ্যোক্তা উদ্যোক্তা উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের বক্তব্য রাখেন, যেগুলোর একটি বড় অংশ পরে প্রবন্ধ আকারে প্রকাশিত হয়।

উল্লিখিত বক্তৃতামালার সাথে সঙ্গতি রেখেই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সম্প্রতি ১৯৪৭-পূর্ব সময়ে জন্মগ্রহণকারী দেশের ১২ অগ্রণী বরেণ্য উদ্যোক্তাদেরকে নিয়ে 'পথিকৃৎ উদ্যোক্তাদের জীবনসংগ্রাম' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করে। ড. মো. সবুর খানের সম্পাদনায় প্রকাশিত উক্ত গ্রন্থের দ্বিতীয় খন্ড শিগগিরই প্রকাশিত হবে বলে জানা যায়, যেখানে ১৯৪৭-৭১ মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণকারী উদ্যোক্তাদের জীবনবৃত্তান্ত অন্তর্ভুক্ত হতে যাচ্ছে।
 

সম্পর্কিত