ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফল-২০২৫ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সাভারের বিরুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এ নবীনরা অংশ নেয়।আলোচনা সভা, পরিচিতি পর্ব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনটি ছিল উৎসবমুখর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. এম. আর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক আমির রাশেদ খান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্সের পরিচালক ইশতেকমাল হোসেইন।
এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস সালাম, সিলিকন কম্পিউটিং লিমিটেডের সিইও মো. নাসির ফিরোজ, এনএসি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির হেড অব প্রডাকশনস মাসুদ রানা ও বিজ পার্টনার ৩৬০ এলএলসি’র সিইও সৌম্য সুপ্রিয়া সহ একদল সফল এলামনাই নবীনদের অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা শেয়ার করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অর্জনের জন্য কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন-কারাতে চ্যাম্পিয়নশিপে পদকজয়ী পাঁচ শিক্ষার্থী, বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার, স্পোগোমী ওয়ার্ল্ডকাপে ইসিও ফাইটারস টিম, হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার রানার-আপ দল এবং উদ্ভাবন ও উদ্যোক্তাবৃত্তি বিভাগের শিক্ষার্থী তাসনিমুল হাসান, যিনি সুইজারল্যান্ডভিত্তিক এসআইএম কিউবেটর থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা অনুদান অর্জন করেন।
উপাচার্য ড. এম. আর কবির নবীনদের একাডেমিক মনোযোগের পাশাপাশি জীবনমুখী শিক্ষা অর্জন ও ক্যাম্পাসের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। ভিডিও বার্তায় ড. মো. সবুর খান বলেন, নবীনদের কাছ থেকে প্রত্যাশা অনেক। তারা আন্তর্জাতিক পরিসরে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমৃদ্ধ করবে এবং মানবিক নাগরিক ও রাষ্ট্রীয় সম্পদে পরিণত হবে।
নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস সেদিন প্রাণচঞ্চল হয়ে ওঠে।