এইচএসসি ফলাফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংকট বাড়বে

নিজস্ব প্রতিবেদক।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ৫৮.৮৩% হওয়ায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী সংকট আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এই ফলাফলে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন পাস করেছেন, আর ৫ লাখ ৮ হাজার ৭০১ জন ফেল করেছেন।

বর্তমানে দেশে ১০২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয় সরকার থেকে কোনো আর্থিক অনুদান না পাওয়ায় শিক্ষার্থী ভর্তি তাদের আয়ের প্রধান উৎস। শিক্ষার্থী সংখ্যা কমলে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সংকটে পড়ে, অনেক সময় বন্ধও হয়ে যায়।

ইউজিসির সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪১৪ জন। শিক্ষার্থী সংখ্যা সবচেয়ে বেশি ২৩ হাজার ১১৩ জন, যা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। সর্বনিম্ন ৫৩ জন শিক্ষার্থী রয়েছে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজিতে।

ইউজিসির নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও সমমান পর্যায়ে ভর্তিতে উচ্চমাধ্যমিক/মাধ্যমিকের সর্বনিম্ন জিপিএ ২.৫০ প্রয়োজন। তবে বিশ্ববিদ্যালয় ও বিষয়ভেদে এটি আরও বাড়ানো হয়।

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩ থেকে ৫ পেয়েছেন ৬ লাখ ১৫ হাজার ৪৪৮ জন শিক্ষার্থী। এই ফলাফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী সংকট আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

সম্পর্কিত