ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) -এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সাবুর খান ইন্দোনেশিয়ার মেদানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হোলিস্টিক অপরচুনিটিজ ফর পোভার্টি এমপাওয়ারমেন্ট (আইকোহোপ ২০২৫) -এর মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন। দুই দিনব্যাপী (২৬–২৭ সেপ্টেম্বর) এই আন্তর্জাতিক সম্মেলনে ২০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পারলিসের ক্রাউন প্রিন্স এইচআরএইচ তুয়াঙ্কু সৈয়দ ফায়জুদ্দিন পুত্র ইবনি তুয়াঙ্কু সৈয়দ সিরাজুদ্দিন জামালুল্লাইল।
“Poverty Alleviation Through Innovation: Exploring New Systems, Tools, and Models in Bangladesh” শীর্ষক মূল প্রবন্ধে ড. সাবুর খান দারিদ্র্য বিমোচনে উদ্ভাবন, শিক্ষা ও উদ্যোক্তৃত্বের রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরেন। তিনি বিশ্বব্যাপী স্বীকৃত উদ্যোগ যেমন ক্ষুদ্রঋণ কর্মসূচি ও ডিজিটাল আর্থিক সেবার পাশাপাশি বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগগুলোও উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে ডিআইইউ’র ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ’ প্রকল্প, কর্মসংস্থানমুখী প্ল্যাটফর্ম, উদ্ভাবন ল্যাব এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ মডেল।
তিনি জোর দিয়ে বলেন, দারিদ্র্য বিমোচনে টেকসই ও প্রেক্ষাপটভিত্তিক সমাধান প্রয়োজন, যা একাডেমিয়া, শিল্প ও সরকারের ত্রিমুখী অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। তাঁর এই দৃষ্টিভঙ্গি সম্মেলনে উপস্থিত দেশি-বিদেশি শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও উন্নয়ন নেতাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে।
সম্মেলন আয়োজকরা ড. সাবুর খানের গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান শিক্ষাগত উদ্ভাবন ও সামাজিক উদ্যোক্তৃত্বের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে আইকোহোপের পরবর্তী আসর বাংলাদেশে আয়োজনের সম্ভাবনার কথাও জানান।
আইসিহোপ ২০২৫ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত প্রতিনিধিরা।