অনুমোদনহীন ৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ইউজিসির মানা

নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দেশে অনুমোদনহীন তিন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার অভিযোগ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এসব প্রতিষ্ঠানে ভর্তি না হতে শিক্ষার্থীদের সতর্ক করেছে সংস্থাটি। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়সমূহ হলো আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ট্রিনিটি ইউনিভার্সিটি এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউ ইয়র্ক। সরকার কিংবা কমিশন থেকে এ ধরনের কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছে ইউজিসি।

সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ট্রিনিটি ইউনিভার্সিটির দুজন শিক্ষার্থীর সনদ যাচাইয়ের লক্ষ্যে কমিশনে আবেদন করে। সনদ যাচাইয়ের সময় ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনার বিষয়টি জানতে পারে ইউজিসি। 

উল্লেখ্য, মন্ত্রণালয় কর্তৃক পাঠানো কমিশনের প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের তালিকা অনুযায়ী ওই বিশ্ববিদ্যালয়ের নামে কোনো প্রকল্প প্রস্তাব পাওয়া যায়নি।

বিভিন্ন গণমাধ্যমে দেশে অনুমোদনবিহীন বিদেশী বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, টিউটোরিয়াল সেন্টার ও স্টাডি সেন্টার পরিচালনার খবর পাওয়া যাচ্ছে। এসব শাখা ক্যাম্পাস, টিউটোরিয়াল সেন্টার ও স্টাডি সেন্টারের অধিকাংশই অননুমোদিত। এ সব প্রতিষ্ঠান ব্যাচেলর, মাস্টার্স, এমপিএইচ, এমবিএ, এমফিল ও পিএইচডিসহ বিভিন্ন ডিগ্রি দিচ্ছে। যা আইন অনুযায়ী অবৈধ।

এ সব অননুমোদিত ও অবৈধ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অর্থের বিনিময়ে সনদ নিয়েছেন। এসব চক্রের ফাঁদে পড়ে বহু শিক্ষার্থী প্রতারিত হচ্ছেন। দ্রুত এ সব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনে পত্র দিয়েছে ইউজিসি।

সম্পর্কিত