কলেজের স্বকীয়তা রক্ষার দাবিতে ও ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ১ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাব অবরোধ করে রাখে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজের অধ্যক্ষের অনুরোধে শিক্ষার্থীরা স্ব-স্ব ক্যাম্পাসে ফিরে যান। এছাড়া ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীর লাঞ্ছনার ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব অবরোধ তুলে নেয়ার আহ্বান জানাতে এসে এ তথ্য সাংবাদিকদের জানান ঢাকা কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস।তিনি বলেন, ‘সোমবারের যে ঘটনা এর আলোকে আমরা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি যে সুপারিশ করবে, সেই আলোকে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের বলব, তারা সড়ক ছেড়ে দেবেন, যেহেতু এটি অভ্যন্তরীণ বিষয়টি সেজন্য বিষয়টি আগে খতিয়ে দেখতে হবে, তারপরে সুপারিশ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেবো।’
অধ্যক্ষের এমন বক্তব্যের পরের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে নিউমার্কেট-সায়েন্সল্যাব-শাহবাগ রুটে যানচলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের দাবি, রাজধানীর এই সাত কলেজগুলোকে নিয়ে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়িত হলে, যেসব কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক চালু রয়েছে, সেই কলেজগুলোর উচ্চমাধ্যমিক শিক্ষা-কার্যক্রম একদিকে যেমন ব্যাহত হবে, তেমনি অস্তিত্বের সংকটে পড়বে।
এর আগে গত সোমবার রাজধানীর সরকারি সাত কলেজ সমন্বয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীর হেনস্তার ঘটনা ওঠে। অভিযোগ ওঠে, কিছু ছাত্র শিক্ষকদের উদ্দেশে অশ্রাব্য কটুবাক্য বলে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং উচ্চমাধ্যমিকের কিছু ছাত্রকে শারীরিকভাবে হেনস্তা করে। যদিও পাল্টা অভিযোগ তুলেছে স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের বেশ কিছু শিক্ষার্থীরাও। তাদের দাবি, শুরুতে কতিপয় শিক্ষক তাদের লাঞ্ছিত ও হেনস্তা করেন।
দেশজুড়ে সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি, প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ: গত সোমবারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার দেশের সব সরকারি কলেজে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে কালো ব্যাজ ধারণ করে নিজ নিজ প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষকদের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের বলেন, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীর মুখোমুখি দাঁড় করিয়ে কতিপয় শিক্ষক এমন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করেছে। তারা (শিক্ষক) তাদের নিজেদের সুবিধার জন্যে একটি সিন্ডিকেট তৈরি করেছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের যেন অধ্যাদেশ জারি না, সেজন্য তারা (শিক্ষক) ষড়যন্ত্রে লিপ্ত, আমরা এই ষড়যন্ত্রের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘শিক্ষা নিয়ে প্রহসন, মানি না, মানবো না’সহ নানা স্লোগান দিতে থাকেন।রাজধানীর সরকারি সাতটি কলেজ হলো: সাত কলেজ ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ।