রাজধানীর জিগাতলায় কলেজের জুনিয়র শিক্ষার্থীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন দুই সিনিয়র শিক্ষার্থী। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে জিগাতলা নেসক্যাফের একটি দোকানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলফাজ সানি অপু (১৮) এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের একই বর্ষের শিক্ষার্থী কাজী ইশতেয়াক আহমেদ মুনিম (১৮)।
আহতদের বরাতে জানা যায়, বিকেলে তারা আট-নয় বন্ধু মিলে জিগাতলা নেসক্যাফের ভেতরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নূর মোহাম্মদ কলেজের প্রথম বর্ষের ২০-২৫ জন শিক্ষার্থী সেখানে গিয়ে অতর্কিতে হামলা চালায়। তারা লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে অপু ও মুনিমকে আঘাত করে পালিয়ে যায়।
আহতরা জানিয়েছেন, হামলার কারণ সম্পর্কে তারা কিছুই জানেন না। তাদের কারও সঙ্গে কোনো ধরনের ঝগড়াও হয়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আলফাজ সানি অপুকে ভর্তি করে চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে বলে জানান তিনি।