আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এমএমসি ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (এমএমসি) ও অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে এ ফেস্ট অনুষ্ঠিত হয়।আয়োজনে অংশ নেয় ঢাকার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, মোবাইল ফটোগ্রাফি ও পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি সাংবাদিকতা বিভাগের এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।পরে পুরস্কার বিতরণী পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপাচার্য।
অনুষ্ঠানে আরো ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, শিক্ষক রানী এলেন ভি. রামোস, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীরা।আয়োজনের শেষাংশে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।