জুলাই আন্দোলনে ভাঙচুরকৃত আঁখি হল এখনো বন্ধ

নিজস্ব প্রতিবেদক।
তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি হল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি হল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

তিতুমীর কলেজের আক্কাসুর রহমান আঁখি হল দীর্ঘ এক বছর ধরে বন্ধ রয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র-জনতার হামলায় এই হল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কলেজ প্রশাসন হলটি সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা আবাসিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে, হলের প্রতিটি কক্ষ দীর্ঘদিন ব্যবহারহীন থাকার কারণে ভাঙচুর ও অবহেলার চিহ্ন বহন করছে। জানালার কাঁচ ভেঙে যাওয়ায় ভেতরে আলো প্রবেশ করলেও ধুলোবালি ও ময়লা জমেছে, যা পরিবেশকে আরও নোংরা করে তুলেছে। কক্ষে এখনও ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যবহৃত আসবাবপত্র, খাটপলং, টেবিল-চেয়ার ও কাপড়পত্র পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় এসব জিনিসপত্র ধুলোয় ঢেকে গেছে এবং কোথাও কোথাও পোকামাকড়ের উপদ্রব দেখা যাচ্ছে।

দীর্ঘ সময় হল বন্ধ থাকায় এবং শিক্ষার্থীদের যাতায়াত সীমিত হওয়ায় দেয়ালের রং উঠে গেছে এবং ফাটল দেখা দিয়েছে। সিঁড়ি, করিডোর ও বারান্দাতেও ময়লা জমেছে। এক সময় ডাইনিং রুম হিসেবে ব্যবহৃত কক্ষে বর্তমানে কলেজের কিছু কর্মচারী অস্থায়ীভাবে বসবাস করছেন।

কলেজের এক কর্মচারী জানিয়েছেন, হল সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে, তবে কাজ শুরু হয়নি। তাদের ধারণা, নতুন শিক্ষাবর্ষের আগে কাজ শেষ করা সম্ভব হবে না। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, টেন্ডার এখনো চূড়ান্ত হয়নি, তবে ইঞ্জিনিয়ার জানিয়েছেন শীঘ্রই কাজ শুরু হবে। প্রশাসন নিয়মিত খোঁজখবর নিচ্ছে।

শিক্ষার্থীরা এই দীর্ঘ অগোছালো পরিস্থিতিতে অসন্তুষ্ট। তারা দ্রুত সময়ের মধ্যে হল সংস্কার করে চালু করার দাবি জানিয়েছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের আবাসিক ও শিখন সুবিধা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

সম্পর্কিত