বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলেট। তিনি বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের ফরাসি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে ফ্রান্স সবসময় আগ্রহী।
রাজধানীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রদূত জানান, ফরাসি বিশ্ববিদ্যালয়গুলো এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও উন্মুক্ত হচ্ছে। সেখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ বাড়ছে, টিউশন ফি তুলনামূলক কম এবং শিক্ষার মান বিশ্বমানের। এ কারণে বাংলাদেশের তরুণদের ফ্রান্সে পড়াশোনায় আগ্রহী হওয়া উচিত বলে তিনি মত দেন।
“চুজ ফ্রান্স ট্যুর” (Choose France Tour) নামে আয়োজিত এই অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ ক্রমেই বাড়ছে, আর ফ্রান্স সেই সুযোগগুলোকে আরও সহজ করতে কাজ করছে। তার ভাষায়, “ফ্রান্সে শিক্ষা শুধু জ্ঞান অর্জনের বিষয় নয়; এটি একটি সংস্কৃতি ও চিন্তার বিস্তৃত অভিজ্ঞতা।”
তিনি আরও জানান, ফরাসি সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সহায়তার জন্য বিভিন্ন বৃত্তি ও বিনামূল্যে ভাষা শেখার সুযোগ রয়েছে। অনেক ফরাসি বিশ্ববিদ্যালয় এখন ব্যবসা প্রশাসন, প্রকৌশল, আইন, সমাজবিজ্ঞানসহ নানা বিষয়ে ইংরেজি ভাষায় কোর্স পরিচালনা করছে।
বর্তমানে ফ্রান্সে প্রায় ১,৭০০টি ইংরেজি মাধ্যমে উচ্চশিক্ষা প্রোগ্রাম চালু রয়েছে। এই সংখ্যা আগামী বছরগুলোতে আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, বড় শহরগুলোতে ইংরেজিভাষী জনগোষ্ঠীও বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সহজ পরিবেশ তৈরি করবে।
“চুজ ফ্রান্স ট্যুর” এর পরবর্তী আয়োজন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে, যেখানে ফরাসি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবে। রাষ্ট্রদূত বিশ্বাস করেন, এই আয়োজনের মাধ্যমে দুই দেশের শিক্ষাবিনিময় সম্পর্ক আরও দৃঢ় হবে।
তিনি বলেন, “ফ্রান্সে পড়াশোনা শুধু একটি ডিগ্রি নয়, বরং বৈশ্বিক চিন্তা ও পেশাগত উন্নয়নের এক নতুন দরজা খুলে দেয়।”