নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের বিস্ময়কর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক।
গবেষণাভিত্তিক আধুনিক শিক্ষায় এগিয়ে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার স্বপ্নভূমি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
গবেষণাভিত্তিক আধুনিক শিক্ষায় এগিয়ে নিউজিল্যান্ড—বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার স্বপ্নভূমি। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

দক্ষিণ গোলার্ধের শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ড এখন উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য। মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার কারণে দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।

সিএইচএস এডুকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাজমুল হাসান রাজু জানান, নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক শিক্ষা, আধুনিক পাঠদান এবং শিক্ষার্থীবান্ধব নীতির জন্য বিশ্বব্যাপী স্বীকৃত। এখানে শিক্ষা শুধু পাঠ্যজ্ঞানেই সীমাবদ্ধ নয়; বরং বাস্তব জীবনের সমস্যার সমাধান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্ব দেওয়া হয়।

দেশটির ডিগ্রিগুলো বিজ্ঞান, প্রকৌশল, আইটি, কৃষি, ব্যবসা প্রশাসন ও চিকিৎসা খাতে বিশ্বজুড়ে স্বীকৃত। ফলে এখানকার স্নাতকেরা আন্তর্জাতিক চাকরির বাজারে সহজেই সুযোগ পান। ইউনিভার্সিটি অব অকল্যান্ডসহ নিউজিল্যান্ডের সব বিশ্ববিদ্যালয় বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষ ৫০০-এর মধ্যে রয়েছে, এবং প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা শেষে সরাসরি কর্মজীবনে প্রবেশ করতে পারেন।

যাঁরা গবেষণা বা স্থায়ী বসবাসের লক্ষ্য রাখেন, তাঁদের জন্য নিউজিল্যান্ড বিশেষভাবে অনুকূল। পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা পূর্ণ সময় কাজ করতে পারেন এবং পড়াশোনা শেষে দুই বছরের অতিরিক্ত কর্ম-সুযোগ পান। সবচেয়ে বড় সুবিধা হলো—দেশি ও বিদেশি শিক্ষার্থীর ফিতে কোনো পার্থক্য নেই; বছরে প্রায় চার হাজার ডলারে ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করা সম্ভব, এমনকি অনেক সময় সরকারি সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে।

স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা সপ্তাহে ২৫–৪০ ঘণ্টা পর্যন্ত খণ্ডকালীন কাজ করতে পারেন, আর গবেষণা শিক্ষার্থীরা পূর্ণ সময় কাজের অনুমতি পান। পড়াশোনা শেষে দুই–তিন বছরের মধ্যেই স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায়।

নিউজিল্যান্ডের ভর্তিপ্রক্রিয়া সহজ ও নমনীয়। আইইএলটিএস স্কোর ৫.৫–৬.৫ থাকলেই ভর্তি হওয়া যায়, এবং ব্যাংকে ৪০–৫০ লাখ টাকার ব্যালেন্স দেখানো যথেষ্ট।

দেশটির জীবনযাত্রা শান্তিপূর্ণ ও নিরাপদ, আর বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক ক্লাব ও সাংস্কৃতিক কার্যক্রমে সমৃদ্ধ। নিরাপদ সমাজ, মানসম্মত শিক্ষা এবং কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা—সব মিলিয়ে নিউজিল্যান্ড আজ উচ্চশিক্ষার এক আদর্শ গন্তব্য।

/এমএস

সম্পর্কিত