ঐতিহাসিক জুলাই বিপ্লব স্মরণে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত জুলাই ৩৬ মেমোরিয়াল ফুটবল টুর্নমেন্ট ২০২৫-এ ইংরেজি বিভাগের ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) স্পোর্টস ক্লাব গুলশান ক্যাম্পাস এ টুর্নামেন্টের আয়োজন করে। ফাইনালে ট্রাইবেকারে ফার্মেসি বিভাগ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগের ফুটবল দল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য মো. এনামুল হক চৌধুরী এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের মডারেটর মো. জামাল হোসাইনের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সায়ীদ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আবদুল মতিন, স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট আসিফ আবদুল্লাহ ও জেনারেল সেক্রেটারি মামুন খান।
টুর্নামেন্টে বিভিন্ন বিভাগ থেকে মোট ৬টি দল অংশগ্রহণ করে। সোমবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ইংরেজি বিভাগ ও ফার্মেসি বিভাগের ফুটবল দল। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইংরেজি বিভাগের সারিউল ইসলাম। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন একই বিভাগের ছাত্র মুয়াজ।